এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া ভাট

ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই  

বিনোদন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় হলেও মাঝে মধ্যেই অদ্ভূত ভাবনা ভর করে বলিউড তারকা আলিয়া ভাটের সনে। যার দরুন নিজের শেয়ার করা পোস্টগুলো হঠাৎ করেই গায়েব করে ফেলেন। এবার নাকি সোশ্যাল মিডিয়া অ্যাপই মুছে ফেলবেন তিনি। আলিয়া জানান, ২০২২ সালে কন্যা রাহার জন্মের পর থেকেই এই ভাবনা আরও বেশি তাড়া করে তাকে।
সম্প্রতি এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই দ্বন্দ্বের কথা খোলাখুলি জানিয়েছেন তিনি। আলিয়া সেখানে বলেন, ‘এমন কিছু দিন আসে যখন ঘুম থেকে উঠে মনে হয়-আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে দেওয়া উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। মনে হয়, এমন একজন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয়টাই করবে। বারবার কথা বলতে হবে না।’
তবে চাইলেই যে তিনি তা করতে পারেন না, সেটাও স্বীকার করেছেন নায়িকা। তার কথায়, ‘আমি জানি, এটা করলে শুরু থেকেই যারা আমার পাশে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ যেন কেটে যাবে। সেই কারণেই আর করা হয় না।’ ব্যক্তিগত জীবন নিয়ে আলিয়া বরাবরই সংযত। তিনি জানান, মা হওয়ার পর বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
আলিয়া বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন এখনো ব্যক্তিগতই রাখতে চাই। কিন্তু সেটা ভীষণ কঠিন। আমার ফোনের অ্যালবাম রাহার ছবিতে ভরা। সেগুলো নিজের মধ্যে রাখতেই আমাকে বেশ কষ্ট করতে হয়। মাতৃত্ব যে তার জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে, সেটাও স্পষ্ট করে জানিয়েছেন আলিয়া। এই অভিজ্ঞতা তার মানসিকতা ও জীবনদর্শনে গভীর প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।