
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উড়োজাহাজ নিয়ে মন্তব্য করেই আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। একটি চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানির মামলা করেছে বিমান পরিষেবা প্রতিষ্ঠান ডিউনস অ্যাভিয়েশন। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে।
মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডিউনস অ্যাভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ভ্রমণ করেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। সেখানে বিমানটিকে ছোট, খেলনা কিংবা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন অভিনেত্রী। তার ইনস্টাগ্রামে প্রায় ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী থাকায় মন্তব্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। ডিউনস অ্যাভিয়েশনের অভিযোগ, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন এবং যথাযথ কারিগরি তথ্য বা যাচাই ছাড়াই করা। ফলে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে। একই সঙ্গে বেড়েছে বুকিং বাতিলের সংখ্যাও। প্রতিষ্ঠানটির দাবি, নোরা যে বিমানটিকে নিয়ে মন্তব্য করেছেন, সেটি কোনো অস্বাভাবিক ছোট বিমান নয়।
সংশ্লিষ্ট রুটের জন্য বিমানটি উপযুক্ত এবং ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর অনুমোদন নিয়েই পরিচালিত হচ্ছিল।
মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি নোরার সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ভিডিও সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ারও দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধীনগরের আদালতে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে এখনও নোরা ফাতেহির পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।