বিশ্বব্যাপি বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

প্রযুক্তি ডেস্ক
  ১২ জুন ২০২৬, ২৩:২৬

বিভ্রাটের পর স্বাভাবিক হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম। বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে বড় ধরনের বিভ্রাটের খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। আর সচল হওয়ার খবর পাওয়া যায় রাত সোয়া ৮টার দিকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম- ডাউনডিটেক্টরে জমা হওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে।
ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, মোট অভিযোগের ৫৬ শতাংশই ছিল অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানান। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার অভিযোগ আসে ১১ শতাংশ প্রতিবেদনে।
ব্যবহারকারীদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশে সেবা বন্ধ থাকে।
সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেসবুক অ্যাপ চালু করতে, অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে বাধার মুখে পড়েন।
বিভ্রাটের খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেন, ‘ব্যবহারকারীরা বর্তমানে আমাদের বিভিন্ন পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন, তা আমরা জানি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
সাম্প্রতিক বছরগুলোতে ফেসবুক ও মেটার অন্যান্য সেবায় কয়েক দফা বড় ধরনের বিভ্রাট দেখা গেছে। তবে শুক্রবারের এ সমস্যার ব্যাপ্তি কতটা এবং কতজন ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি।