এক অ্যাপ থেকেই মিলবে জনপ্রিয় সব এআই

ডেস্ক রিপোর্ট
  ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯

ওয়ানএআই নামে বিশেষ পরিষেবার উন্নয়ন করেছে স্থানীয় অপারেটর। মাইজিপি অ্যাপে এখন থেকে একক ইন্টারফেস ও সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে কয়েকটি এআই মডেল ও টুল। বাংলাদেশে এআই ব্যবহারকে গতিশীল করার লক্ষ্য পূরণ করবে এই উদ্যোগ। অনেকের জন্য অত্যাধুনিক এআই ঘরানার সব টুলকে সহজ, সুলভ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে সক্রিয় হওয়া ওয়ানএআই প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক, জেমিনি ছাড়াও বিশ্বেসেরা এআই মডেল। 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে কাজ করছি, তা অর্জনে এআইর ব্যবহার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের কয়েকটি দেশের অর্থনীতি, শিল্প খাত ও সমাজ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন দৃশ্যমান করেছে। তাই এআইর এই সম্ভাবনাকে গ্রহণ ও কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য জরুরি। 
ওয়ানএআই পরিষেবার মতো বিশেষ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এআই প্রযুক্তিকে সহজলভ্য করতে সহায়ক হবে, বিশেষ করে শিক্ষার্থীর জন্য এটি সাশ্রয়ী উপায়ে এআই টুল ব্যবহারের সুযোগ তৈরি করবে। এই সুবিধা তাদের গবেষণা, পড়াশোনা ও দক্ষতা বৃদ্ধিতে বেশ কার্যকর। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, এআই এখন আর কোনো পরীক্ষামূলক বিষয় নয়, ভবিষ্যৎ শুধু এআইর একার নয়; বরং তাদেরও ভবিষ্যৎ, যারা দায়িত্বের সঙ্গে ও ইতিবাচক উদ্দেশ্যে এতে অভ্যস্ত হবে।