এপস্টেইন ফাইলসে নাম

ইন্ডিয়া এআই সামিটে যোগ দিচ্ছেন না বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩১

‘এপস্টেইন ফাইলস’-এ নিজের নাম আসার পর তৈরি হওয়া বিতর্কের জেরে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ মূল বক্তা হিসেবে ভাষণ দিচ্ছেন না মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার দাতব্য সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’ এ তথ্য জানিয়েছে।
গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে এ সম্মেলনে বক্তব্য দেবেন সংস্থাটির আফ্রিকা ও ভারত শাখার প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গেটস ফাউন্ডেশন জানিয়েছে, ‘অনেক চিন্তাভাবনার পর এবং এআই সামিটের মূল বিষয়গুলোতে যাতে সবার মনোযোগ থাকে, তা নিশ্চিত করতে বিল গেটস ভাষণ দেবেন না।’
জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সম্মেলনের মূল অংশগ্রহণকারীদের তালিকা থেকে বিল গেটসের নাম বাদ পড়েছিল।
এনডিটিভি সরকারি সূত্রের বরাতে জানায়, ভারত সরকার ‘এপস্টেইন ঘটনায় ভুক্তভোগীদের পাশে থাকতে চায়’।
তবে গত রাতে বিল গেটসের নাম আবার তালিকায় দেখা গিয়েছিল। সূত্রগুলো জানাচ্ছে, সরকার চায় মূল মনোযোগ যেন কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত আলোচনার ওপর থাকে এবং অন্য কোনো বিতর্কের দিকে যেন কেউ ঝুঁকে না পড়ে।
১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সম্মেলন হচ্ছে এআইবিষয়ক চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক আয়োজন। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০২৫ সালে ফ্রান্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এবার ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ নামে ভারতে এই আয়োজন হচ্ছে। সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১০০ জন সিইও ও প্রতিষ্ঠাতাসহ বিশ্বের ৫০০ জনের বেশি এআই বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।