যৌন নিপীড়নের অভিযোগ

মালয়েশিয়ায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  ০৭ মার্চ ২০২৬, ১১:০৩


আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল গতকাল শুক্রবার এক এক্স পোস্টে এই তথ্য জানান। পোস্টে তিনি বলেন, এফবিআইসহ মার্কিন অংশীদাররা জোবাইদুলকে গ্রেপ্তার করে। ২০২২ সাল থেকে পলাতক ছিলেন তিনি।
মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জোবাইদুল বাংলাদেশি নাগরিক। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর গত বুধবার তাঁকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির আদালতে তাঁকে হাজির করার কথা। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তি শিশু যৌন নিপীড়নের একটি বৈশ্বিক চক্র পরিচালনা করতেন। 
আদালতের নথির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের জুলাইয়ে জোবাইদুলের বিরুদ্ধে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করে। এতে বলা হয়, আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিদেশে থাকা কয়েকশ অপ্রাপ্ত বয়স্ককে নিপীড়নের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, জোবাইদুল অপ্রাপ্ত বয়স্কদের খুঁজে বের করতে এবং তাদের চাপ দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করাতে সামাজিক মাধ্যমের অ্যাপ ব্যবহার করতেন। এর মধ্যে ছিল ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট। যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের আগে জোবাইদুল মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করতেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরি করার সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি অভিযোগ আনা হয়।