ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মানবিক সহায়তা দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ মার্চ ২০২৬, ২৩:২৯

চলমান যুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। মঙ্গলবার (১৭ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, গত তিন সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। 
চীন জরুরি ভিত্তিতে ইরান, লেবানন, জর্ডান এবং ইরাকের জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
লিন জিয়ান সংবাদ সম্মেলনে বলেন, চীনের এই জরুরি মানবিক সহায়তার মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাধারণ মানুষের চরম দুর্দশা লাঘব করা। বর্তমানে মধ্যপ্রাচ্যের এসব দেশে যুদ্ধের প্রভাবে তীব্র সংকট তৈরি হয়েছে। বিশেষ করে বেসামরিক জনগণের খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। চীন আশা করছে, এই সহায়তার মাধ্যমে স্থানীয় জনপদগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন বেইজিংয়ের এই ঘোষণা দেশগুলোর জন্য বড় ধরনের সমর্থন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান ও লেবাননে চলমান হামলার শিকার মানুষের জন্য এই সহায়তা অত্যন্ত সময়োপযোগী হবে বলে ধারণা করা হচ্ছে। 
মানবিক এই উদ্যোগের মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যের সংকটে নিজেদের সক্রিয় উপস্থিতি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

সূত্র: মিডলইস্ট আই।