ইরানে ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ মার্চ ২০২৬, ২৩:৩০

মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইরান। শত্রুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তি, তথ্য পাচার ও ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বের অবস্থান প্রকাশ করা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়ার দাবি করেছিল তেহরান। এ কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইন্টারনেট সেবা বন্ধ করার পর আর চালু করা হয়নি।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩২তম দিনেও ইরানে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।
দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরে পৃথিবীর সঙ্গে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস।
তবে ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী ও সাংবাদিকদের পূর্ণ ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন।
আবার কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারলেও এ প্রক্রিয়া আসলেই অত্যন্ত ব্যয়বহুল।
সেইসঙ্গে ইরানে স্টারলিংক ব্যবহার করা বা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এজন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদেরকে শনাক্ত করার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা।