
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ২০২৫ সালের জুনে হামলার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পাচ্ছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে কোনো যাচাই-বাছাইও করতে পারছে না সংস্থাটি।
জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পরিমাণ, গঠন বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। একই সঙ্গে ইরান সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী যে তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা, তা থেকেও আইএইএকে বিরত রাখা হয়েছে।
সংস্থাটি বলেছে, এ ক্ষেত্রে তেহরানের পূর্ণ সহযোগিতা ‘অপরিহার্য এবং জরুরি’।