
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইরান ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই অঞ্চলে ইরানকে নিজেদের অনুকূলে নতুন কোনো সমীকরণ বা শক্তির ভারসাম্য তৈরি করতে দেবে না ইসরাইল।
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার জবাবে ইসরাইলি সামরিক বাহিনীকে লেবাননের রাজধানী বৈরুতে তীব্র আক্রমণের নির্দেশ দেওয়ার পাশাপাশি ইরানের বাণিজ্যিক লক্ষ্যবস্তুতেও হামলার নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ গণমাধ্যম ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো ইসরাইলের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে অঞ্চলের ক্ষমতা কাঠামোতে একটি নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করেছিল, যা ইসরাইলের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ। ইসরাইল কোনো অবস্থাতেই এই পরিস্থিতি মেনে নিতে পারে না এবং নেবেও না।
ভাষণে নেতানিয়াহু দাবি করেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার পর ইসরাইল যখন তেহরানের সন্ত্রাসী সরকারকে লক্ষ্য করে সরাসরি পাল্টা আঘাত হানে, তখনই তারা পিছু হটতে বাধ্য হয় এবং ইসরাইলি ভূখণ্ডে তাদের আক্রমণ বন্ধ করে। ইসরাইলের এই কঠোর অবস্থানই ইরানকে সাময়িকভাবে থমকে যেতে বাধ্য করেছে বলে তিনি উল্লেখ করেন।
তবে উদ্ভূত পরিস্থিতিতে ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরান যদি আবারও কোনো ভুল সিদ্ধান্ত নেয় এবং ইসরাইলে নতুন করে আঘাত হানার দুঃসাহস দেখায়, তবে তার প্রতিক্রিয়া হবে আগের চেয়েও অনেক বেশি ভয়াবহ ও মারাত্মক।
আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রাষ্ট্র ও জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ইসরাইলের রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর ও নির্মম জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
সূত্র: আল-জাজিরা।