
ইসরাইলের আগামী ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশটির আইন অনুযায়ী নির্ধারিত সর্বশেষ সম্ভাব্য তারিখ। গাজায় যুদ্ধ শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর এই নির্বাচনকে অনেকেই গুরুত্বপূর্ণ জনমত যাচাই হিসেবে দেখছেন।
রোববার (১২ জুলাই) ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। খবর আল জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মেয়াদের শেষ অধিবেশন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সরকার পূর্ণ চার বছরের মেয়াদ শেষ করবে, যা গত ৫০ বছরে প্রথম।
নেসেট এক বিবৃতিতে জানায়, বর্তমান পার্লামেন্ট তার পূর্ণ মেয়াদ শেষ করবে এবং আইন অনুযায়ী আগামী ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সংসদ আগেভাগে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এদিকে, ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনেই নিশ্চিত করেন, তিনি আসন্ন নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন। ইসরাইলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলায় নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার অভিযোগ ওঠে।
সমালোচকদের দাবি, সেই ব্যর্থতার কারণেই গাজা থেকে সশস্ত্র যোদ্ধারা ইসরাইলের সীমান্ত প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে সক্ষম হয় এবং ২৫১ জনকে জিম্মি করে।