‘সাকিবের সঙ্গে আলোচনা চলমান আছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
স্পোর্টস ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৬, ২২:৫৭

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে আবারও দলে ফেরানোর বিষয়টি ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন দেশে না ফেরা সাবেক এই অধিনায়ককে আগামী সিরিজগুলো থেকে খেলার জন্য বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিবকে দলে ফেরাতে বোর্ডের পক্ষ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি দেশের মাটিতে তাকে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এ নিয়ে সাকিবের সঙ্গে বিসিবির আলোচনা চলছে বলেও নিশ্চিত করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘জি চলমান আছে। (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’
এর আগে আমজাদ হোসেন জানিয়েছিলেন, বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে—সাকিবের প্রাপ্যতা, শারীরিক সক্ষমতা ও নিরাপদ উপস্থিতির বিষয়গুলো নিশ্চিত হলে এবং যেখানে খেলা হবে সেখানে অংশগ্রহণের উপযোগী পরিবেশ থাকলে, ভবিষ্যতে তাকে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজন অনুযায়ী তাকে এনওসি দেবে বিসিবি।
এদিকে সাকিব আল হাসানকে নতুন করে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দিয়েছে বোর্ড। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।