
জাতীয় দলের হয়ে গেল তিন বছর ধরে নিয়মিত খেলছেন তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেললেও এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন লাল বলের ক্রিকেটে। আসন্ন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন টাইগার এই ওপেনার।
তাকে নিয়ে ম্যাচের আগের দিন আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম টেস্টে অভিষেক হবে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। জানিয়েছেন কেবল তামিমের কাছে নিজের চাওয়ার কথা।
শান্ত বলছিলেন, 'তানজিদ তামিমকে নিয়ে আমরা অনেক আগ থেকেই আলোচনা করছিলাম। নতুন নির্বাচকরা তাকে দলে নিয়ে খুবই ভালো একটা কাজ করেছে। তামিমের মত ব্যাটার টেস্ট দলে দারুণ ইমপ্যাক্ট রাখে। তার কাছে আমার চাওয়া যেন সহজাত ব্যাটিংটাই করে। প্রথম ইনিংসে বড় রান করাটা গুরুত্বপূর্ণ।'
এদিকে লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদও। তাকে নিয়ে শান্ত বলেন, 'তাসকিন সবসময় টেস্ট খেলতে চায়। হয়তো ওয়ার্ক-লোড ম্যানেজমেন্ট, ইনজুরির জন্য সবসময় দলে থাকা হয় না। কিন্তু ও থাকলে অধিনায়ক, দলের কাজ সহজ হয়ে যায়।'
চলতি বছরে প্রথম টেস্ট হলেও গেল বছরে ভালো টেস্ট খেলার স্মৃতি রয়েছে শান্ত জানালেন, 'শেষ সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। সেটা অতীত হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ঐ সিরিজটা আমাদের বাড়তি একটা আত্মবিশ্বাস দিবে।'
পরে মিরপুরের উইকেট নিয়ে শান্ত বলেন, 'মিরপুরে আগে ভালো উইকেটে খেলতে পারলে অনেক ব্যাটারের গড় ও স্ট্রাইক রেট ভালো হতো। তবে সাম্প্রতিক সময়ে মিরপুরের পিচ ভালো আচরণ করছে।'