
বিশ্বকাপে ৪৮ দেশের মধ্যে বাংলাদেশ অংশ নিতে না পারলেও এবারের গ্রেটেস্ট শো অন আর্থে থাকছে বাংলাদেশের ছাপও। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয় দেব অংশ হচ্ছেন বিশ্বকাপের।
উদ্বোধনী অনুষ্ঠানের মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি এই তারকা। মাতাবেন লস অ্যাঞ্জেলসের সো-ফাই স্টেডিয়াম। ফিফার পাশাপাশি সঞ্জয় নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়াও ফিউচার নামে পরিচিত মার্কিন র্যাপার নেইভাদিয়াস উইলবার্ন থাকছেন জমকালো আয়োজনে।
সঞ্জয়ের জন্ম শ্রীমঙ্গলে হলেও তার শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। মাত্র ১০-১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। তারপর সেখানেই বেড়ে উঠা। সংবাদমাধ্যমে সঞ্জয় বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের কণ্ঠস্বরও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’
২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এবারই প্রথম আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে। শুরুটা ১১ জুন মেক্সিকোতে। আস্তেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে হবে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের অনুষ্ঠান। মূল আকর্ষণ, গ্র্যামি জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এর বাইরেও মঞ্চ মাতাবেন দেশটির জনপ্রিয় দুই গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্দা। একদিন পর কানাডায় হবে ২য় অনুষ্ঠান। টরন্টোয় ১৩ মিনিটের শো-তে থাকবেন আলানিস মরিসেত্তে, মাইকেল বাল্ব ও অ্যালেসিয়া কারা।
এছাড়া ফুটবল উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে মুক্তি পাচ্ছে শাকিরা ও বার্না বয়ের গাওয়া অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই ৪৮ দলের ফুটবল মহাযজ্ঞ।
এখানেই শেষ নয়, বিশ্বকাপ চলাকালীন দেশের ২৫০তম জন্মদিন পালন করবে মার্কিনিরা। সে উপলক্ষে ৪ জুলাই, হিউস্টন ও ফিলাডেলফিয়ায় দুই নক আউট ম্যাচের আগে হবে আরও দুটি বিশেষ অনুষ্ঠান।