
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রস্তুতি ক্যাম্প করেছে আর্জেন্টিনা ফুটবল দল। ইংল্যান্ডও ক্যাম্প করেছে একই শহরে। সেই কানসাস সিটিতে গত শনিবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ৯ জন আহত হয়েছেন।
বিশ্বকাপের আগ মুহূর্তে এমন গোলাগুলির ঘটনায় শহর জুড়েই নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পুলিশ। তবে কানসাস পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় ভোর চারটার দিকে হামলার খবর পায় পুলিশ। কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউয়ে হামলার এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তবে কেউ গুরুতর আহত হননি।
হামলার ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে সাত কিলোমিটার দূরে প্রস্তুতি ক্যাম্প করছে ইংল্যান্ড। একই শহরে ক্যাম্প করছে মেসিরাও। এছাড়া আলজেরিয়া ও নেদারল্যান্ডস কানসাসেই ক্যাম্প করার কথা। স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।