যুক্তরাষ্ট্রে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  ২১ জুন ২০২৬, ১৪:১৭


উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে সম্পন্ন হয়েছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। দলগুলো হলো— শেখ কামাল, শেখ রাসেল, ধানমন্ডি ৩২ এবং জয়বাংলা টাইগার্স। নিউইয়র্কের রেন্ডেল আইল্যান্ড ৭৪ নম্বর মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মাঠের লড়াই শেষে ফাইনালে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘শেখ কামাল’ দল। অন্যদিকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ‘ধানমন্ডি ৩২’-কে।

খেলা শেষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের 'নবান্ন পার্টি হল'-এ জমকালো পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও সার্বভৌমত্ব রক্ষা করতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগকে সম্মিলিতভাবে কাজ করার জন্য  পরামর্শ দেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাবান মাহমুদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মো. সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান।
আরও উপস্থিত ছিলেন এলিট স্পন্সর নুরুল আমিন ভূঁইয়া বাবু, প্ল্যাটিনাম স্পন্সর মহিন উদ্দিন দুলাল, ডায়মন্ড স্পন্সর সাইফুল ইসলাম এবং গোল্ডেন স্পন্সর সোহাগ পাটওয়ারী। অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। 
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, সংগঠনের গতিশীলতা ত্বরান্বিত করতে ও নতুন কমিটির সবাইকে একত্র করতে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের নেত্রী ভার্চুয়ালি অংশ নিয়ে আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে আমরা একটি ওয়েবসাইট উদ্বোধন করেছি।