ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে সেরা দিনের আশায় নিগার

স্পোর্টস ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৯

আরেকটি সেমি-ফাইনাল, আবারও সামনে ভারত এবং অপেক্ষায় আরেকটি কঠিন চ্যালেঞ্জ। উইমেন’স এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে নিগার সুলতানা বলেছিলেন, সেমি-ফাইনালে ভারতকে এগাতে চান তারা। কিন্তু তা হয়নি। ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সেই প্রতিপক্ষের সঙ্গেই লড়তে হবে বাংলাদেশকে। তবু আশায় বসতি গড়ছেন বাংলাদেশ অধিনায়ক। একটি ‘ভালো’ দিনে নিজেদের মেলে ধরে ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন তিনি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারার পরই নিশ্চিত হয়ে গিয়েছিল, সেমি-ফাইনালে উঠলে ভারতের সামনেই পড়তে হবে নিগারদের। গ্রুপের শেষ ম্যাচে অবশ্য সেমি-ফাইনালে ওঠাও শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মঙ্গলবার বাজে ব্যাটিংয়ে ধুঁকছিল বাংলাদেশ দল। দ্বাদশ ওভারে রান ছিল ৬ উইকেটে ৫৫।
সেখান থেকে দলকে কিছুটা উদ্ধার করেন শারমিন আক্তার। আসরে প্রথম খেলতে নামা অভিজ্ঞ ব্যাটার ৩১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েন তিনি নাহিদ আক্তারের সঙ্গে। ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারে ১০৩ রান।
সেই ছোট পুঁজিতেই দলকে সহজ জয় এনে দেন বাংলাদেশের বোলাররা। নতুন বলে দারুণ এক স্পেলে ৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা আক্তার। তার মূল শক্তির জায়গা ইনসুইঙ্গার হলেও এ দিন কয়েকটি আউটসুইঙ্গার করে চমকে দেন তিনি উইকেটের পেছনে থাকা অধিনায়ক নিগারকেও।
মারুফার পর স্পিনাররা তো যথারীতি ছিলেন ক্ষুরধার। একাদশে ফিরে ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার রাবেয়া খান, ৪ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন অফ স্পিনার সুলতানা খাতুন, ১৬ রানে ১টি লেগ স্পিনার ফাহিমা খাতুন। ব্যাট হাহে ১৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর বোলিংয়ে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা নাহিদা আক্তার।
২০ ওভার খেলে আমিরাত করতে পারে কেবল ৬৯ রান। ৩৪ রানের জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
গত এশিয়া কাপেও গ্রুপে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ এবং ম্যাচটি হারতে হয়েছিল ১০ উইকেটে। ২০২৩ এশিয়ান গেমসের সেমিতেও থমকে যেতে হয়েছিল ভারতের বিপক্ষেই। ২০১৮ এশিয়া কাপ ছাড়া অন্য নানা সময়েই এই অঞ্চলের সেরা শক্তি ভারতের কাছে পর্যদুস্ত হতে হয়েছে বাংলাদেশকে।
এবার আমিরাতকে হারানোর পর সেমি-ফাইনাল নিয়ে নিগার বললেন, ভালো দিন আর ভালো পারফরম্যান্স মিলিয়েই ভালো কিছুর আশায় তারা।
“সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পাফরম্যান্স ওই দিনটিতে মেলে ধরার। তা করতে পারলে দিনশেষে ফলাফল মিলবেই। আমরা স্রেফ আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।”
নিগারদের সেই কঠিন পরীক্ষার ম্যাচ দুবাইয়ে বৃহস্পতিবার। অন্য সেমি-ফাইনালে পরদিন পাকিস্তানের বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফাইনাল রোববার।