
বিস্ময়ে যেন বাক্রুদ্ধ হয়ে পড়লেন ধারাভাষ্যকার। হতবাক দর্শকও। ওহাইওর স্কটসমিরাকল গ্রো ফিল্ডে আজ কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে এমনই এক গোল করেছেন লিওনেল মেসি, যা দেখে অভিভূত সবাই।
ডান প্রান্তে, ১৮ গজ বক্সের বাইরে ও কর্নার পতাকার কাছাকাছি জায়গা থেকে ফ্রি–কিক পেয়েছিল মায়ামি। মাঠের প্রায় সবাই যেখানে ক্রসের অপেক্ষায়, মেসি সেখান থেকেই সরাসরি গোলের চেষ্টা করলেন। তাঁর বাঁ পায়ের শট বাঁক নিয়ে ক্রুর গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়ানো দুই হাতের নাগাল এড়িয়ে ঢুকে গেল দূরের ওপরের কোণে।
৩৩ মিনিটের সেই গোল দেখে অ্যাপল টিভির ধারাভাষ্যকার টেলর টোয়েলম্যানের মুখ থেকে বেরিয়ে এল, ‘ও মাই গুডনেস!’ ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক আবারও দেখালেন, এমন অসম্ভব জায়গা থেকেও গোল করতে পারেন তিনি।
মেসির গোলেই মেজর লিগ সকারের ম্যাচটিতে ১-১ সমতায় ফিরেছিল মায়ামি। এর আগে ২৮ মিনিটে পেনাল্টি থেকে কলম্বাসকে এগিয়ে দেন মায়ামির সাবেক স্ট্রাইকার হোসে মার্তিনেজ। পরে দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েছিলেন মেসি। দূরপাল্লার এক শট শুল্ট ঠেকিয়ে দেন, আরেকটি শট যায় সাইড নেটে।
গোলের পর মেসির উদ্যাপন
গোলের পর মেসির উদ্যাপনএএফপি
শেষ পর্যন্ত অবশ্য মেসির ওই দুর্দান্ত ফ্রি–কিক গোল মায়ামিকে বাঁচাতে পারেনি। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জামাল থিয়ারে গোল করে কলম্বাসকে ২-১ ব্যবধানের জয় এনে দেন। এর দুই মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির সান্তিয়াগো মোরালেস।
শেষের ধাক্কায় মেসির আরেকটি স্মরণীয় মুহূর্তের ম্যাচের ইতি ঘটলো হারে। এটি ছিল আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলতে যাওয়ার আগে ক্লাবে তাঁর শেষ ম্যাচ। কলম্বাসের বিপক্ষে গোলটি ফ্রি–কিকে তাঁর ৭৬তম।
শুধু ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২তম ফ্রি–কিক গোল, যার ৬টিই চলতি মৌসুমে। সব মিলিয়ে এবারের এমএলএসে মেসির গোলসংখ্যা এখন ২১। গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার চেয়ে ৩ গোলে এগিয়ে।
শেষ পর্যন্ত অবশ্য হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে
শেষ পর্যন্ত অবশ্য হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকেএএফপি
ব্যক্তিগতভাবে মেসি ভালো সময় কাটালেও কলম্বাসের কাছে হেরে ইস্টার্ন কনফারেন্সে আরও পিছিয়েছে মায়ামি। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকায় অবস্থান তৃতীয়। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড। এ দুই দলের চেয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ন্যাশভিল।
৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি।