শীতকালীন ঝড়

নিউ জার্সিতে বাসিন্দাদের সড়কে অবস্থান না করার ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২৬, ০০:১৬


চলতি সপ্তাহে নিউ জার্সিতে শীতকালীন ঝড়ের প্রস্তুতি ও সতর্কতায় বাসিন্দাদের সড়কে অবস্থান না করার নির্দেশ দিয়েছে স্টেইট কর্তৃপক্ষ।
আইউইটনেস নিউজ জানায়, রোববার থেকে সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারা শক্তিশালী এ ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, ইতোমধ্যে স্টেইট জুড়ে বিভিন্ন জায়গায় হিটিং সেন্টার স্থাপন করা হয়েছে। তুষারপাত শুরু হলে প্রয়োজনে সেন্টারে আশ্রয় নিতে পারবেন বাসিন্দারা।
কর্মকর্তারা আরও জানায়, স্টেইটের বেশিরভাগ শহরে তুষারপাতের সময় সড়ক নিরাপদ রাখতে প্রয়োজনের চেয়ে বেশি লবণ মজুদ রাখা হয়েছে। পাশাপাশি লবণ বহনকারী যান ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।
তবে কিছু এলাকায় পর্যাপ্ত লবণের ঘাটতি আছে এখনও।
কর্মকর্তারা আরও জানান, দুর্যোগ চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। যার ফলে বেশ কয়েকটি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে সহযোগিতা পেতে যোগাযোগ করা হয়েছে।
এমন অবস্থায় স্টেইটের বাসিন্দাদের দ্রুত প্রয়োজনীয় ওষুধ, খাবার সংগ্রহ করে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন স্টেইট কর্তৃপক্ষ।
এস্যাক্স কাউন্টির নির্বাহী জো ডি ভিনচেঞ্জো বলেন, ‘মানুষ আমাদের যেভাবে কাজে সাহায্য করতে পারে, তা হলো সড়কে অবস্থান না করা। ভারী তুষারঝড় হতে চলেছে। রোববার, সোমবার বাড়িতে অবস্থান করুন।’
নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বলেন, ‘প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে অনেকগুলো কাউন্টির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে।
‘ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিস থেকে নিয়মিত আবহাওয়ার গতিবিধি জানানো হবে। এ সময় প্রত্যেককে বাড়িতে অবস্থান করে ছুটি কাটানোর আহ্বান জানাই। এ সময় বোর্ড গেম খেলুন কিন্তু বাইরে যাবেন না। সম্ভব হলে সড়কে বের হওয়া থেকে বিরত থাকুন।‘