ভ্যান্সকে বিশেষ দায়িত্ব দিলেন ট্রাম্প, কী সেটি?

ডেস্ক রিপোর্ট
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৮


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি ভাতা–সংক্রান্ত জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে (জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। খবর আল আরাবিয়ার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোতে সরকারি সুবিধা অপব্যবহারের ঘটনা বেশি ঘটছে। বিশেষ করে মিনেসোটার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস ও মেইন অঙ্গরাজ্যেও একই ধরনের সমস্যা রয়েছে বলে দাবি করেন।
ট্রাম্প বলেন, প্রশাসন যদি এসব জালিয়াতির বড় অংশ শনাক্ত করতে পারে, তাহলে অল্প সময়েই বাজেট ভারসাম্যে আনা সম্ভব হবে।
মিনেসোটায় সরকারি ভাতা জালিয়াতির অভিযোগ নিয়ে ইতোমধ্যে ফেডারেল তদন্ত চলছে। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসন বিশেষভাবে সোমালি অভিবাসীদের একটি অংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তদন্তে কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
তবে প্রশাসনের অভিযোগ, মিনেসোটার সোমালি সম্প্রদায়ের মধ্যে সরকারি সুবিধা জালিয়াতি তুলনামূলকভাবে বেশি বিস্তৃত।
উল্লেখ্য, মিনেসোটায় প্রায় ৮০ হাজার সোমালি অভিবাসী বসবাস করেন, যা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সোমালি অভিবাসী জনগোষ্ঠী হিসেবে পরিচিত।