যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা

লিমনের মরদেহ উদ্ধারের কাছাকাছি এলাকায় অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৯
জামিল আহমেদে লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মৃত উদ্ধারের পর এবার আরেকজনের মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল)ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। মার্কিন সংবাদমাধ্যম ১০ টাম্পা বে নিউজ এ খবর জানিয়েছে।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া দেহটি এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় তদন্ত করছে।
এর আগে চলতি সপ্তাহে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া ইউএসএফের বাংলাদেশি ছাত্র জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হয় এবং বর্তমানে ফালকেনবার্গ রোড কারাগারে বন্দি রয়েছে।
অপর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধানে এখনও তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল শিক্ষার্থী।
এদিকে রবিবার সকাল থেকেই হিলসবরো ও পিনেলাস কাউন্টির মেরিন ইউনিট যৌথভাবে নৌকা, হেলিকপ্টার ও পায়ে হেঁটে সেতুর আশপাশের ম্যানগ্রোভ এলাকা ও জলপথে তল্লাশি চালায়। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
সাধারণত শান্ত এই এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা আরনাড ইউটিল বলেন, এখানে এই পরিমাণ পুলিশ দেখে আমরা অবাক হয়েছি। এই এলাকাটি সাধারণত খুব শান্ত থাকে।
কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নাহিদা বৃষ্টির অবস্থান সম্পর্কে কোনও তথ্য থাকলে তা হিলসবরো কাউন্টি শেরিফ অফিসে জানাতে অনুরোধ করা হয়েছে।