নিউইয়র্কে ২-কে বিনামূল্যে চাইল্ড কেয়ার কার্যক্রমের আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট
  ০৩ জুন ২০২৬, ১২:৫০

নিউইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার কার্যক্রম "২-কে"-র আবেদন প্রক্রিয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেয়র জোহরান মামদানির সাশ্রয়ী মূল্যে সর্বজনীন চাইল্ড কেয়ারপ্রতিশ্রুতির অংশ হিসেবে এই কার্যক্রমের আওতায় পরিবারের আয় নির্বিশেষে সব শ্রেণির পরিবারের দুই বছর বয়সী শিশুরা বিনামূল্যে শিশু যত্ন সুবিধা পাবে, যা শহরের ইতিহাসে এই প্রথম। উল্লেখ্য, ২০২৪ সালে নিউইয়র্কে কেন্দ্র-ভিত্তিক চাইল্ড কেয়ার কেন্দ্রগুলোতে গড়ে বার্ষিক ২৩,০০০ ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে পরিবারগুলোকে।
আগ্রহী পরিবারগুলো শিক্ষা বিভাগের অনলাইন পোর্টাল "মাইস্কুলস"-এ আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ৪ আগস্টের মধ্যে আসন বরাদ্দের বিষয়ে জানানো হবে। এই সেপ্টেম্বরে পাঁচটি বরো থেকে বাছাই করা উচ্চ-চাহিদাসম্পন্ন পাঁচটি স্কুল ডিস্ট্রিক্টে মোট ২,০০০ আসন নিয়ে কার্যক্রমটি শুরু হবে। নির্বাচিত এলাকাগুলো হলো ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস ও ইনউড, ব্রুকলিনের ব্রাউনসভিল ও ক্যানার্সি, ব্রনক্সের ফোর্ডহ্যাম ও বেলমন্ট, কুইন্সের ওজোন পার্ক ও রকঅ্যাওয়েজ অঞ্চল। আগামী বছর এই আসনসংখ্যা বেড়ে ১২,০০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং মেয়র মামদানি তাঁর প্রথম মেয়াদের শেষ নাগাদ এই সুবিধা পুরো সিটিতে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই কার্যক্রমের একটি বিশেষ দিক হলো এর সময়সীমা। ৩-কে ও প্রি-কে কার্যক্রমের বিপরীতে, যেখানে অধিকাংশ আসন কেবল সকাল ৮টা থেকে বিকেল ২টা ২০ মিনিট পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত পরিচালিত হয়, ২-কে কার্যক্রমে ডিফল্ট সময়সূচি হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা, বছরের ১২ মাস। এতে স্কুল-পরবর্তী এবং গ্রীষ্মকালীন চাইল্ড কেয়ার খরচও বাঁচবে পরিবারগুলোর। রাজ্য সরকার এই বছরের জন্য ৭৩ মিলিয়ন এবং আগামী বছরের জন্য ৪২৫ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।