নিউইয়র্কে খাদ্য অপচয় কমাতে নতুন আইন

ডেস্ক রিপোর্ট
  ১২ জুন ২০২৬, ১৫:২৬

নিউইয়র্ক অঙ্গরাজ্যে খাদ্য অপচয় কমানো এবং ভোক্তাদের বিভ্রান্তি দূর করার লক্ষ্যে একটি যুগান্তকারী বিল পাস হয়েছে। ‘ফুড ডেট লেবেলিং অ্যাক্ট’ নামে পরিচিত এই আইনে খাদ্যপণ্যের মোড়কে ব্যবহৃত তারিখ-সংক্রান্ত বিভিন্ন শব্দ ও বাক্যাংশ সীমিত করে মাত্র দুটি মানসম্মত লেবেল ব্যবহারের প্রস্তাব করা হয়েছে : ‘Best if Used By’ এবং ‘Use By’।
বিলটি এখন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি স্বাক্ষর করলে নিউইয়র্ক খাদ্যপণ্যের লেবেলিং ব্যবস্থায় একটি নতুন মানদণ্ডে প্রবেশ করবে, যা ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং খাদ্য অপচয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের তারিখ-লেবেল, যেমন ‘Sell By’, Best Before, 'Expires On, `Enjoy By’ ইত্যাদি ব্যবহৃত হয়। এসব ভিন্ন ভিন্ন শব্দের কারণে অনেক ভোক্তা বিভ্রান্ত হন। ফলে নির্ধারিত তারিখ পার হলে অনেকেই খাদ্যকে অখাদ্য মনে করে ফেলে দেন, যদিও বাস্তবে অনেক ক্ষেত্রে তা এখনো নিরাপদভাবে খাওয়ার উপযোগী থাকে।
বিশেষজ্ঞদের মতে, এই বিভ্রান্তির কারণে প্রতিবছর বিপুল পরিমাণ খাদ্য অকারণে নষ্ট হয়। এতে একদিকে যেমন পরিবারের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে খাদ্য অপচয় এবং পরিবেশদূষণ। খাদ্য যখন ল্যান্ডফিলে গিয়ে পচে যায়, তখন তা থেকে মিথেন গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ক্ষতিকর।
নতুন আইনের অধীনে ‘Best if Used By’ লেবেলটি খাদ্যের সর্বোত্তম মান, স্বাদ ও গুণগত মান বোঝাবে। অর্থাৎ নির্ধারিত তারিখের পরও অনেক খাদ্য নিরাপদ থাকতে পারে, তবে তার গুণগত মান কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে ‘Use By’ লেবেলটি এমন খাদ্যপণ্যে ব্যবহার করা হবে, যেখানে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নির্ধারিত তারিখের পর খাবার গ্রহণ না করাই নিরাপদ।
বিলটির অন্যতম উদ্যোক্তা নিউইয়র্ক স্টেট সিনেটর মিশেল হিঞ্চি বলেন, বিভ্রান্তিকর লেবেলিং দীর্ঘদিন ধরে ভোক্তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তার মতে, অনেক ভালো খাবার শুধু তারিখ দেখে ফেলে দেওয়া হয়, যা অর্থনৈতিক ও পরিবেশগতভাবে বড় ক্ষতির কারণ।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে খাদ্য উদ্ধার ও ক্ষুধা নিরসন সংস্থা সিটি হারভেস্ট। সংস্থাটির মতে, প্রতিবছর শুধু ভুল বোঝাবুঝিমূলক লেবেলের কারণে বিপুল পরিমাণ খাদ্য বর্জ্যে পরিণত হয়, যা প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছাতে পারত।
পরিবেশবিদদের মতে, খাদ্য অপচয় শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি জলবায়ু সংকটের সঙ্গেও সরাসরি জড়িত। যুক্তরাষ্ট্রে উৎপাদিত খাদ্যের একটি বড় অংশ শেষ পর্যন্ত অপচয় হয় এবং তা পচে গিয়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ায়।
নতুন আইনটি বাধ্যতামূলকভাবে সব খাদ্যপণ্যে তারিখ-লেবেল ব্যবহারের নির্দেশ দিচ্ছে না। তবে যারা লেবেল ব্যবহার করবে, তাদের অবশ্যই এই দুটি মানসম্মত শব্দ অনুসরণ করতে হবে। নীতিনির্ধারকদের আশা, এতে ভোক্তারা আরও পরিষ্কার ধারণা পাবেন, খাদ্য অপচয় কমবে এবং পরিবারগুলোর অর্থ সাশ্রয় হবে।
বিলটি ইতোমধ্যে আইনসভায় পাস হলেও এটি কার্যকর হওয়ার জন্য গভর্নর হোকুলের স্বাক্ষর প্রয়োজন। স্বাক্ষরিত হলে বাস্তবায়নের সময়সূচি পরে ঘোষণা করা হবে। বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের এই উদ্যোগ সফল হলে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যও একই ধরনের নীতি গ্রহণ করতে পারে।