ক্ল‍্যান্সি মামলায় প্রভাবিত হয়ে ২ বছরের সন্তানকে হত্যা: অভিযুক্ত মা

ডেস্ক রিপোর্ট
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪

শিকাগোর শহরতলী ফ্রাঙ্কফোর্টে ২ বছরের ছেলেকে হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী মা কোরি এ. ওয়ালশকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বরাতে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে এক প্রতিবেশী বাড়ির বেসমেন্টে ২ বছরের ব্যারেট ওয়ালশকে রাফটার থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন শিশুটির পালস ছিল না। প্রতিবেশী তাকে নামিয়ে সিপিআর দেন, এবং ৯১১-এ ফোন করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। 
পুলিশ বাড়িতে গিয়ে মা কোরি ওয়ালশকে ওপর তলার বাথটবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নথিপত্র অনুযায়ী, ওই প্রতিবেশী পুলিশ কর্মকর্তাদের জানান যে তিনি ওয়ালশকে নিজ শরীরের ক্ষতি করতে দেখেন এবং ওয়ালশের হাত থেকে ছুরি কেড়ে নেন।  প্রতিবেশী আরও অভিযোগ করেন যে, ওয়ালশ তাকে বলেছিলেন তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন। 
এ সময় বাড়িতে থাকা অন্য একটি শিশু অক্ষত ছিল এবং তার স্বামী সে সময় শহরের বাইরে ছিলেন। তবে প্রসিকিউটররা ওয়ালশকে বিচার প্রক্রিয়া চলাকালীন আটক রাখার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, ওয়ালশ তার অন্য তিন সন্তানের ক্ষতি করার বিষয়েও কথা বলেছিলেন এবং স্বামী বাড়ি ফিরলে তারও ক্ষতি করার পরিকল্পনা করেছিলেন। 
জিজ্ঞাসাবাদে ওয়ালশ তদন্তকারীদের জানান, তার ছেলে "শয়তান" এবং "অ্যান্টি-ক্রাইস্ট"। তাই এমনটা করেছেন। প্রাথমিক ময়নাতদন্তে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে মৃত্যুর আলামত পাওয়া গেছে। 
তার আইনজীবী আন্দ্রেয়া লিয়ন বলেছেন, এটি একটি ট্র্যাজেডি এবং কোরি নিজেও সে সময় সাইকোটিক এপিসোডের মধ্য দিয়ে যাচ্ছিলেন। 
এই ঘটনাটি আলোচনায় এসেছে কারণ, মামলার সাক্ষীরা পুলিশকে জানিয়েছেন যে ওয়ালশ সম্প্রতি লিন্ডসে ক্ল্যান্সি মামলার বিষয়ে অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছিলেন। 
আদালতের নথিতে বলা হয়েছে, ঘটনার দিন দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি বন্ধুদের সাথে গ্রুপ টেক্সটে ক্ল্যান্সি মামলা নিয়ে আলোচনা করছিলেন, এর কয়েক ঘণ্টা পরই তার ছেলের মৃত্যুর খবর আসে। 
লিন্ডসে ক্ল্যান্সি, ৩৬, ম্যাসাচুসেটসের ডাক্সবারিতে ২০২৩ সালের জানুয়ারিতে তার তিন সন্তান - ৫ বছরের কোরা, ৩ বছরের ডসন এবং ৮ মাসের ক্যালানকে হত্যার অভিযোগে অভিযুক্ত। পোস্টপার্টাম সাইকোসিসের কারণে তিনি অপরাধের জন্য দায়ী নন বলে তার আইনজীবীরা দাবি করেন। 
নথিপত্র অনুযায়ী, ওয়ালশকে সিলভার ক্রস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৩রা সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আটক কেন্দ্রের তথ্য অনুযায়ী, আদালতে তাঁর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৮ই সেপ্টেম্বর সকাল ৯টায়।