
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং তাদের আটকে রেখেছে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের মব সৃষ্টি করার অধিকার নেই এবং এ ধরনের নোংরা মব সৃষ্টির রাজনীতির তীব্র নিন্দা জানান।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশে মব রাজনীতির এখানেই অবসান ঘটবে। জনগণ এখন অনেক সচেতন, মবের মাধ্যমে জনমত প্রভাবিত করার সময় শেষ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, হামলাকারীরা শুধু জামায়াতের পুরুষ কর্মীদের ওপরই নয়, নারী কর্মীদের ওপরও হামলা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি প্রশ্ন তোলেন, যারা এ ধরনের হামলা চালিয়েছে তারা কি মায়ের গর্ভে জন্ম নেয়নি, তাদের কি মা-বোন নেই? এ ধরনের অমানবিক পরিস্থিতি আর দেখতে চান না বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেক রাজনৈতিক দল জনগণের কাছে নিজেদের অঙ্গীকার ও কর্মসূচি তুলে ধরবে এবং জনগণ অতীত ও বর্তমান বিবেচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। জামায়াতের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, তাদের লক্ষ্য ন্যায়বিচার, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। একই সঙ্গে তিনি ৩০০ আসনের সব প্রার্থীদের প্রতি আহ্বান জানান, যেন জনগণকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কমিশন যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ ও সমতল মাঠ নিশ্চিত করতে হবে।