অপারেশন ‘এস-ড্রাইভ’: ৫ম দিনে ২৩ ছিনতাইকারীসহ গ্রেফতার ৩৭

ডেস্ক রিপোর্ট
  ০৭ মার্চ ২০২৬, ০০:০৪


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযান এস- ড্রাইভের পঞ্চম দিনে ২৩ ছিনতাইকারীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ইয়াবা।
বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নগরীতে ১৬টি স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
শুক্রবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার রাত ১২টা থেকে নগরীকে ১০ ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিএমপির কর্মকর্তারা জানান, অপারেশন এস-ড্রাইভে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিনতাইকারী ২৩ জন, মাদক ব্যবসায়ী ২ জন, চাঁদাবাজ একজন ও কিশোর গ্যাংয়ের সদস্য ১১ জন। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে বলে সিএমপি জনসংযোগ শাখা নিশ্চিত করেছে।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।