
আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নামে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।
উল্লেখ্য, আনিছুর রহমান (৬৫) গতকাল রবিবার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন।
গতকালও ডায়ালাইসিস করাতে হাসপাতালে গিয়েছিলেন। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল চারটার দিকে মারা যান তিনি। পরে তার মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)। হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তিনিও মারা যান।