স্থায়ী ক্যাম্পাসের দাবি সুবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

ডেস্ক রিপোর্ট
  ০৯ জুন ২০২৬, ০০:০৩

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আকরম আলী দাখিল মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে তারা এ বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোাগান দেন এবং সরকার সংশ্লিষ্টদের আশ্বাস ছাড়া সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
আন্দোলনকারীরা জানান, ২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর ইতোমধ্যে দুই শিক্ষাবর্ষ পার করে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। তবে প্রতিষ্ঠার ৫ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা যায়নি। শান্তিগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে পড়াশোনা করতে হচ্ছে তাদের। তাছাড়া স্থায়ী ক্যাম্পাস না থাকায় একাডেমিক ও প্রশাসনিক বেশির ভাগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালু না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।