ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা নিয়ে যে তথ্য দিলেন মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৫


রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি ভাইরাল হওয়া ঘটনার জেরে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি ভাইরাল হওয়া ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা চালানো হয়েছে। এক বা একাধিক সংস্থা এই তদন্ত পরিচালনা করেছে।’
তিনি জানান, ওই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রাষ্ট্রদ্রোহ মামলায়ও সাবেক ওসিকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় সম্প্রতি ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি এবং বিশেষ করে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, শুধু বদলি করাই কি সমস্যার সমাধান?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।