
খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
পরিচয় গোপন রেখে টানা ২৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে রোববার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এসআরবি-৬-এর অভিযানে সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
গৌরনদী থানার এসআই মো. ওয়ালিউল্লাহ জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে এসআরবি-৬-এর অভিযানে সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ওই মামলায় আদালত হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে লাশ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যে চাঞ্চল্যকর হত্যা মামলায় খুনের দায়ে এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, একই মামলায় জয়নাল সরদার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।