নিউইয়র্কে বোনের জন্য কেক আনতে গিয়ে না ফেরার দেশে গোলাপগঞ্জের তরুনী

ডেস্ক রিপোর্ট
  ০১ এপ্রিল ২০২৬, ১৪:৫০
আপডেট  : ০১ এপ্রিল ২০২৬, ১৪:৫৫

নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে একটি বিশালাকার গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কর্মস্থল থেকে ছোট বোনের জন্য কেক নিয়ে বাড়ি ফেরার পথে মাত্র ১০ মিনিটের দূরত্বে থাকা নিজ বাসভবনের কাছেই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। নিশাতের অকাল মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিশাতের পরিবার জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়গড় গ্রামের বাসিন্দা হেলাল আহমদের মেয়ে নিশাত ২০১৭ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে এসেছিলেন। তাঁর বাবা উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। ঘটনার রাতে বড় বোন নওশিন জান্নাত বাড়িতে নিশাতের জন্য অপেক্ষা করছিলেন। রাত গভীর হলেও নিশাত না ফেরায় লোকেশন ট্র্যাক করে দুর্ঘটনাস্থলে ছুটে যান নওশিন ও তাঁর বাবা-মা। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান পুলিশ ও অ্যাম্বুলেন্সের ভিড় এবং নিশাতের নিথর দেহ।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ৩৮ বছর বয়সী এক নারী চালক রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি গারবেজ ট্রাক নিয়ে মোড় ঘোরার সময় ক্রসওয়াকে থাকা নিশাতকে ধাক্কা দেয়। ঘটনার পর চালক সেখানে অবস্থান করছিলেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। আজ মঙ্গলবার জোহরের নামাজের পর বায়তুল জান্নাহ মসজিদে জানাজা শেষে নিশাতকে নিউজার্সির মুসলিম কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে। চার বোনের মধ্যে দ্বিতীয় নিশাতের এই চলে যাওয়া তাঁর পরিবারের কাছে এক অপূরণীয় ক্ষতি এবং প্রবাসের সাজানো স্বপ্নগুলো আজ এক নিমেষেই ফিকে হয়ে গেছে।