নিউ জার্সিতে প্রবাসী বর্ষবরণ ও ঈদ মেলা

ডেস্ক রিপোর্ট
  ০৩ জুন ২০২৬, ১২:৪১

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ মিলনমেলা 'প্রবাসী বর্ষবরণ ও ঈদ মেলা'। শনিবার (৩০ মে) বিকেলে রাটগার্স ইউনিভার্সিটির লিভিংস্টন স্টুডেন্ট সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সি এই জমকালো উৎসবের আয়োজন করে। 
বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ এবং মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহার আনন্দকে এক সুতোয় বাঁধতেই এই যৌথ আয়োজন। প্রবাসী প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠানে ছিল শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, দেশি খাবারের স্টল, আকর্ষণীয় ফ্যাশন শো এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। 
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্থানীয় শিশু-কিশোর ও প্রবাসীদের পরিবেশনায় ভিন্নধর্মী কিছু সাংস্কৃতিক পর্ব। এর মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত বিশেষ শিশু গীতিআট্য 'জুতা আবিষ্কার' দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। ফারহানা আক্তার তুলির পরিচালনায় এই নাটকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা চমৎকার অভিনয় ও সুরের জাদু দেখায়। গীতিনাট্যটিতে অভিনয়ে অংশ নেয় ফারশীদ, জাহি, তাহান, তিহান, সাখাওয়াত, মালিহা, তাসবীর, ফাহিম, রামিন ও ওয়াফিক। চমৎকার কণ্ঠ দিয়ে গান গেয়েছে সঙ্গীতশিল্পী প্রিয়তা, জোয়া, নোভা, সারা, ইশহান ও রায়ান। 
এরপরই মঞ্চে পরিবেশিত হয় বিশেষ পর্ব "মহা জাদু জানে"। উর্মিন রহমান ও ফাহমিনা জব্বার উর্মির পরিচালনায় এই পর্বে অংশ নেন ঊর্মি, উর্মিন, সারিনা, আনুশে, নাশিতা, নাফিসা, ফাইজা ও ফারীন। 
ফারহানা আক্তার তুলির পরিচালনায় কিশোর সংগীত "অচেনা বৈশাখ" পর্বে নতুন করে বৈশাখী আমেজ ফুটিয়ে তোলে খুদে শিল্পী প্রিয়তা, প্রিয়ম, শায়রা ও ফারশীদ।
ফাহমিনা জব্বারের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান "নৃত্যের তালে তালে" পর্বে মুখরিত হয়ে ওঠে পুরো মঞ্চ। মেয়েদের দলে অংশ নেয় আইজা, আয়েশা, জিবা, অনিমা, সুমেহরা, আসনা ও ফাইজা। ছেলেদের দলে দারুণ পারফর্ম করে রামিন, আযান, জুহায়ের ও তাজবীর। 
অনুষ্ঠানের অন্যতম জমকালো আয়োজন ছিল তারকা শিল্পী বিন্দুকণার মঞ্চে আসার ঠিক পূর্ব মুহূর্তের পরিবেশনা। ফারহানা আক্তার তুলি ও ফাহমিনা জব্বারের যৌথ পরিচালনায় 'ছায়াছন্দ: নায়িকা সংবাদ' পর্বে প্রবাসের বিশিষ্ট ১৪ জন নারী এক অনন্য পারফরম্যান্স উপহার দেন। এই পর্বে অংশগ্রহণকারীরা হলেন— হিমিকা, ঊর্মি, মানিজা, সাইকা, সোমা, রূপা, রুচি, রাখী, তুলি, সাজিয়া, নীরা, এনা, শাম্মী ও ফারাহ।
অনুষ্ঠানের শেষ ভাগে মঞ্চে আসেন বাংলাদেশের লোকসংগীত ও আধুনিক গানের জনপ্রিয় শিল্পী বিন্দুকণা। তার একেকটি জনপ্রিয় পরিবেশনায় মেতে ওঠে পুরো নিউ জার্সি। এরপর উইনিং ব্যান্ডের চন্দন তার দলবল নিয়ে মঞ্চে এসে জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের নস্টালজিক করে তোলেন। টিকিট কেটে আসা হল ভর্তি দর্শক গভীর রাত পর্যন্ত এই উৎসব উপভোগ করেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে উপস্থাপনা করেছেন সামিয়া চৌধুরী (তিথি) ও জাভেদ মাহমুদ (শিপলু)।
আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সির পক্ষ থেকে সভাপতি সৈয়দ মাহমুদ, সাধারণ সম্পাদক আশফাক জামান ও কালচারাল সেক্রেটারি আফরোজা শিরিন আগত দর্শকদের ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে স্বাগত জানান। তারা বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির শিকড় পৌঁছে দিতেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।