
প্রবাসের শতাধিক সংগঠনের অংশগ্রহণে আগামী ১৭ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। অতীতের মতো এবারের আয়োজনেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
এ উপলক্ষ্যে শনিবার (২ মে) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ফুল এক্সিকিউটিভ ইনট্রোডিসিং ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে আয়োজক এবং অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজেদের ভাবনা তুলে ধরে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে প্রবাসী বাংলাদেশিদের প্যারেডে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি ও কো-চেয়ার ক্যাপ্টেন প্রিন্স আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই প্যারেডের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সেইসাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমে প্যারেড সফল করারও আহ্বান জানান তারা।
এদিকে প্রবাসের বিভিন্ন সংগঠনের পাশাপাশি প্যারেডে অংশ নিবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের বাঙালি তারকারা। ইতোমধ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে কর্মরত বাঙালিদেরও।