পশ্চিম ভার্জিনিয়ার নিউ বৃন্দাবনে কীর্তন মেলা

ডেস্ক রিপোর্ট
  ২১ জুন ২০২৬, ১৪:১৪


বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের নিউ বৃন্দাবনে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী কীর্তন মেলা। শনিবার (২০ জুন) ভোর থেকে শুরু হওয়া এই উৎসব চলে পরদিন সকাল পর্যন্ত। প্রাণের আমেজে আয়োজিত এই উৎসবে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আসা বিপুলসংখ্যক কৃষ্ণভক্ত।
দিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ ছিল সমবেত কীর্তন। এ ছাড়া পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণসহ নানা আনুষ্ঠানিকতায় মুখর ছিল নিউ বৃন্দাবন প্রাঙ্গণ।

আয়োজকেরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী কলিযুগে পরমার্থ লাভের প্রধানতম উপায় হলো হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন। ধ্যান, যজ্ঞ কিংবা বিগ্রহ অর্চনের মতো আধ্যাত্মিক কর্মগুলো সার্থক হয় ভগবানের দিব্যনাম কীর্তনের মাধ্যমে। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাণী স্মরণ করে ভক্তরা জানান, কীর্তন সরাসরি মানুষকে ভগবানের সঙ্গে যুক্ত করে এবং হৃদয়কে নির্মল করে।
এবারের কীর্তন মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রখ্যাত কীর্তনিয়ারা অংশ নেন। এর মধ্যে সুমন মজুমদারের নেতৃত্বে আটলান্টিক সিটির কীর্তনীয়া দল বিশেষভাবে নজর কাড়ে। এই দলের সদস্য তৃপ্তি সরকার, প্রদীপ দে, মেরি দে, গঙ্গা সাহা, চন্দন রায়, দীপা দে জয়া ও সোমা দেবের সুরের মূর্ছনা অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়।
উৎসবের একপর্যায়ে কৃষ্ণভক্তদের সম্মিলিত কণ্ঠে ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো নিউ বৃন্দাবন। অনুষ্ঠান শেষে উপস্থিত সব ভক্ত ও দর্শনার্থীদের মাঝে ঐতিহ্যবাহী মহাপ্রসাদ বিতরণ করা হয়।