
বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা) নর্থ আমেরিকা আগামী ২০ জুন শনিবার নিউইয়র্কের বেলমন্ট লেইক স্টেট পার্কে পারিবারিক বনভোজনের আয়োজন করেছে। দিনব্যাপী এই মিলনমেলায় যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।
আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ২০০ জন ল্যাবরেটরিয়ান ও তাঁদের পরিবারের সদস্য বনভোজনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। অনুষ্ঠানে পুরোনো বন্ধুদের পুনর্মিলন, নতুন প্রজন্মের মধ্যে পরিচয় ও বন্ধন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা এবং খাবারের ব্যবস্থা থাকবে।
ওলসা নর্থ আমেরিকার নেতৃবৃন্দ জানান, উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বর্তমানে প্রায় এক হাজার ল্যাবরেটরিয়ান বসবাস করছেন। তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কমিউনিটিভিত্তিক সম্পর্ক আরও দৃঢ় করতেই নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এবারের বনভোজনও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।
ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা) - ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে পুনর্মিলনী, হোমকামিং এবং বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ওলসা নর্থ আমেরিকা সংগঠনটির একটি অনুমোদিত শাখা।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে উৎকর্ষতার স্বাক্ষর রেখে চলেছে। মহান মুক্তিযুদ্ধেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। প্রতিষ্ঠানের হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছেন।
আয়োজকদের বিশ্বাস, এবারের বনভোজন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি আনন্দঘন পুনর্মিলনীই হবে না; এটি উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং একটি ঐক্যবদ্ধ ও অনুপ্রেরণাদায়ী কমিউনিটি গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখবে।