​নিউজার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে সুব্রত ও লাকীর জয়

ডেস্ক রিপোর্ট
  ২২ জুন ২০২৬, ১২:৩৭

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত চৌধুরী ও লাকী চৌধুরী। গত ২ জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে তাঁরা আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্র্যাটিক কমিটি পার্সন’ পদে নির্বাচিত হন।
সুব্রত চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা। তিনি স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি সরকারের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।
২০১২ সালে অভিবাসী হিসেবে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি কমিউনিটির বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন এবং একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি সুব্রত চৌধুরী বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষার সংবাদপত্র ও সাহিত্য সংকলনে নিয়মিত ছড়া, কবিতা ও গল্প লিখে থাকেন। একজন দক্ষ অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছড়ার বই ‘বিশ্ব বেহায়া’ এবং রূপকথার বই ‘আতু বুতু কাতু কুতু’।
আটলান্টিক সিটির পরিচিত ও জনপ্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ এবং এনএএসিপি (NAACP)-এর সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
তিনি বর্তমানে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে আটলান্টিক কাউন্টির ‘কালচার অ্যান্ড হেরিটেজ অ্যাডভাইজরি বোর্ড’-এর সদস্য হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে লাকী চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের বাসিন্দা। তিনি স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ কন্যা। বর্তমানে তিনি আটলান্টিক সিটি সরকারের মার্কেন্টাইল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত রয়েছেন।
লাকী চৌধুরীও ২০১২ সালে সপরিবারে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
উল্লেখ্য, সুব্রত চৌধুরী ডেমোক্র্যাটিক কমিটি পার্সন পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। অন্যদিকে লাকী চৌধুরী এ পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন।
নির্বাচনে তাঁদের বিজয়ী করতে ভোটাররা যে সমর্থন ও আস্থা দেখিয়েছেন, তার জন্য সুব্রত ও লাকী চৌধুরী সকল ভোটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।