
যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির হলমিচ পার্কে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশি ইয়ুথ সকার লীগের আয়োজনে বাংলাদেশি আমেরিকান যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ২০ সেপ্টেম্বর (রোববার) অনুষ্ঠিত ফাইনালে ডেট্রয়েট স্টার ৩-০ গোলের ব্যবধানে ব্রাদার্স এফসিকে হারিয়ে শিরোপা জয় করে।
ফাইনাল ম্যাচ ঘিরে হলমিচ পার্কে বাংলাদেশি আমেরিকান তরুণ খেলোয়াড়, তাদের পরিবার, বিভিন্ন দলের সমর্থক এবং কমিউনিটির সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থনে মাঠের পরিবেশ ছিল প্রাণবন্ত।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রাজন আহমেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান শিব্বির। সেরা গোলকিপার নির্বাচিত হন সামিয়ান, সেরা ডিফেন্ডারের পুরস্কার পান ইসমাইলি এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরিফ।
টুর্নামেন্টের প্লাটিনাম স্পনসর শহীদ নেসা হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর বাংলাদেশি ইয়ুথ সকার লীগের কর্মকর্তাদের এমন একটি সুন্দর ও আকর্ষণীয় ফুটবল আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
টুর্নামেন্টের অন্যান্য স্পনসররাও আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি আমেরিকান তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে ওয়ারেন সিটির জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী দল ও বিভিন্ন বিভাগে নির্বাচিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, বাংলাদেশি ইয়ুথ সকার লীগ ভবিষ্যতেও খেলাধুলার মাধ্যমে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রজন্মকে একত্রিত করা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাবে।