
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য (ভিসি) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপককে নিয়োগের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে ‘লালকার্ড’ হাতে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব যাত্রা শুরু করেছে। নতুন বিশ্ববিদ্যালয়ের এই যাত্রার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়াকে তারা মেনে নিতে পারছেন না।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, তাদের পরীক্ষা এখনো আটকে আছে। একাডেমিক মাইগ্রেশনসহ শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে তারা সংকটের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত এসব সমস্যার সমাধান করা প্রয়োজন।
তাদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত তারা মানতে চান না। শিক্ষার্থীদের ভাষ্য, তাদের দাবি ছিল নতুন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নতুন ভিসি নিয়োগ দেওয়ায় তারা ক্ষুব্ধ।
শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানতে যাচ্ছি না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য লজ্জাজনক ও দুঃখজনক।’
বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল করা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর করা, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা করা এবং দ্রুত সাতটি ক্যাম্পাসের যে কোনো একটিতে প্রশাসনিক ভবন চালু করা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে চালুর দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন উপাচার্য নিয়োগের এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।