নিউইয়র্কে ইফতারে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা

ডেস্ক রিপোর্ট
  ১২ মার্চ ২০২৬, ১৪:২০

ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নিউইয়র্কে হবিগঞ্জবাসীর জেলা ও উপজেলা পর্যায়ের ৯টি সংগঠনকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ জেলার কৃতি সন্তান, মূলধারার রাজনীতিক ও অভিবাসন আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী। গত ৮ মার্চ অনুষ্ঠিত ইফতার মাহফিলকে কেন্দ্র করে শুরু হয় তার এই ঐক্যের অভিযাত্রা।
নানাভাবে বিভক্ত জেলার বিভিন্ন সংগঠনকে এক ছাতার নিচে সমবেত করার লক্ষ্যে কুইন্সের ‘জয়া পার্টি’ হলে বসে প্রবাসী হবিগঞ্জবাসীর এক মিলনমেলা। এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও অংশ নেন।
হবিগঞ্জ জেলার সব সামাজিক সংগঠনের অংশগ্রহণে আমেরিকায় প্রথমবারের মতো ‘সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডের জয়া পার্টি হলে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও অভিবাসন বিষয়ক খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী এবং তার ছোট ভাই, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য ওয়াসি চৌধুরী। তারা দুজনেই হবিগঞ্জ জেলার সন্তান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক অঞ্চলে প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সেক্রেটারি মোহাম্মদ আলী এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট তরিকুল ইসলাম মিঠু। বহুধা বিভক্ত কমিউনিটিতে ঐক্যের এই উদ্যোগ সম্পর্কে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “একই এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও অনেকে একে অপরের দিকে তাকাতেও দ্বিধা করতেন। সামাজিক অনুষ্ঠানেও আমন্ত্রণ জানাতে অনীহা ছিল। এমনকি কেউ কেউ একে অপরের মুখও দেখতে চাইতেন না। আজকের এই সম্মিলিত ইফতার মাহফিল সেই দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই পাশাপাশি বসে কুশল বিনিময় করেছেন এবং একসঙ্গে ইফতার করেছেন। আমরা আশা করি, হবিগঞ্জবাসীর এই উদ্যোগ অন্য জেলাগুলোর বিভেদ দূর করতেও অনুপ্রেরণা জোগাবে।”
হবিগঞ্জের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি আমির ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হবিগঞ্জ সোসাইটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, মাধবপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান নিয়াজ এম আনোয়ার ও সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন, চুনারুঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. তৌফিক মিয়া ও সাধারণ সম্পাদক মো. ফখরুল আবেদিন মাসুম, লাখাই উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াসি চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু এবং বাহুবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আহমেদ মকসুদ।
কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, শেখ জামাল হোসেন ও হাসান আলী। ইফতার মাহফিলের আগে মাওলানা ফায়েক আহমেদের নেতৃত্বে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং মাওলানা আব্দুল মুকিত মোনাজাত পরিচালনা করেন।