
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এক সভায় সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেছেন সংগঠনের কর্মকর্তা ও উপদেষ্টাগণ। গত ১৬ মার্চ সোমবার সিটির জ্যাকসন হাইটসে ক্লাবের নিজস্ব কার্যালয়ে কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথম পর্যায়ে সভাপতিত্ব করেন ক্লাবের কার্যকরী সদস্য ও সাবেক সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম। এসময় ক্লাবের চলমান কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মসূচী নিয়ে আলোচনার পাশাপাশি ক্লাবের নিজস্ব অফিস প্রতিষ্ঠার জন্য বর্তমান কার্যকরী পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ক্লাব সদসদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরো জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। ইফতারের সময় বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। দোয়ায় বিশেষ করে ক্লাবের অন্যতম উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক ও লেখক অসুস্থ মনজুর আহমদ-এর সুস্থ্যতা এবং মরহুম ফাজলে রশীদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।
ইফতারের পর সভার দ্বিতীয় পর্যায়ে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম। এসময় তিনি ক্লাবের সার্বিক পরিস্থিতি ও আগামী দিনের কতিপয় পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান আগামী ২৪ এপ্রিল শুক্রবার উডসাইডের গুলশান ট্যারেসে ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।
সভায় ক্লাবের উপদেষ্টা যথাক্রমে মাঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, তাসের মাহমুদ ও এবিএম সালেউদ্দিন, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান সহ সহ সাধারণ সম্পাদক মাহাথির ফারুকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং কার্যকরী সদস্য রওশন হক উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্লাব কর্মকর্তাদের বিশেষ আমন্ত্রণে সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও শিবলী চৌধুরী কায়েস এবং সদস্য মোজাম্মেল হক সভায় উপস্থিত ছিলেন।