নিউইয়র্কের ব্রঙ্কসে সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

ডেস্ক রিপোর্ট
  ১৭ জুন ২০২৬, ১৩:৪৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জননেতা মরহুম বদরুদ্দীন আহমদ কামরানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে ব্রঙ্কসের বাংলাবাজারের ‘হাসান চাইনিজ রেস্টুরেন্টে’ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ‘যুক্তরাষ্ট্র বদরুদ্দিন আহমেদ কামরান স্মৃতি পরিষদ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মেহেদী কাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান এবং মদনমোহন কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ মখলু মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান, যুবলীগ নেতা রিটন সরকার, শাহীনুল ইসলাম, জহুরুল ইসলাম, এডভোকেট রেদোয়ান ইসলাম ও জাবেদ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সাবেক মেয়র বদরুদ্দীন আহমদ কামরানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের নেতা। নগরীর সাধারণ মানুষের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা ও দায়বদ্ধতা ছিল, তা অনন্য। সিলেটবাসী আজীবন তার এই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম বদরুদ্দীন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।