
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় আগামী ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুসাংস্কৃতিক কমিউনিটি উৎসব ‘ভালো মেলা ২০২৬’। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভালো (বিএইচএএলও)-এর উদ্যোগে আয়োজিত এ মেলা বিকেল ৩টা থেকে শুরু হবে। গত বছরও তারা এই মেলার আয়োজন করেছিল। তাদের মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো- সব বয়সী মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা করা। পাশাপাশি তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও শিশুদের জন্য তারা বিশেষ বিশেষ ইভেন্টের ব্যবস্থা করে। যাতে সেখানে তারা আসতে পারে ও আনন্দ উপভোগ করতে পারে। এছাড়াও তাদেরকে সামজিকভাবে মানুষের সাথে মেশার ও নেটওয়ার্ক তৈরি করারও সুযোগ করে দেয়া হয়। আয়োজকদের দেয়া তথ্যানুযায়ী, কুইন্সের হিলসাইড অ্যাভিনিউ এবং ১৭৩ স্ট্রিট থেকে ১৭৫ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার, হস্তশিল্প, কমিউনিটি সেবা এবং পারিবারিক বিনোদনের নানা আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারের স্টল, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কার্যক্রম। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া এবং সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হবে। এবারের মেলায় কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, এলহাম একাডেমি, সাপ্তাহিক ঠিকানা এবং বেঙ্গলিস অব নিউইয়র্ক (বনি)। এছাড়া নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নানতাশা উইলিয়ামস অনুষ্ঠানের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন। মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী বিক্রেতা ও স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজকরা কিউআর কোডের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দিয়েছেন। যারা অংশ নিতে চান তারা নিবন্ধন করতে পারবেন। ভালো-এর কর্মকর্তারা জানান, এই আয়োজন শুধু একটি মেলা নয়, বরং এটি বিভিন্ন সংস্কৃতি ও জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন তৈরির একটি প্রয়াস। নিউইয়র্কের বৈচিত্র্যময় সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।