
দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ ফ্রেবুয়ারি) কানাডায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মো. শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বাংলাদেশ বেতারের সুরকার ও সংগীত পরিচালক রুমন হায়াৎ গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
রুমন হায়াৎ বলেন, ‘দুঃসংবাদটি আমাকে জানিয়েছেন তার ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন। এমন সংবাদ জেনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তার মতো একজন্য বরেণ্য সংগীত পরিচালক ও সুরকারকে হারিয়ে দেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’
মো. শাহনেওয়াজের সুর করা ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তাল’ ও ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন’ গান দুটি তাকে সুরকার হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়। ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করা নন্দিত এই সুরকারের সুরারোপিত গানের সংখ্যা দুই হাজারেরও বেশি।
তার সুর করা শ্রোতপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে’, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই’, ‘তুমি কি সেই তুমি’, ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’ ইত্যাদি। শাহনেওয়াজের সুর করা গানে শাহনাজ রহমাতুল্লাহ, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, দিলরুবা খান, আব্দুল জব্বার, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবীসহ দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পীই কণ্ঠ দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনিসেফ মাতৃভাষা দিবসের উদ্বোধনী সংগীত পরিচালনা করেন শাহনেওয়াজ। বিটিভিতে প্রচারিত নাটক ‘তৃষ্ণা’র সংগীত পরিচালনার জন্য তিনি জার্মানি থেকে বেস্ট টিভি অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ২০০৯ সালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, ২০১৩ সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদকসহ জীবদ্দশায় অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।