কিম কার্দাশিয়ান আক্রান্ত যে রোগে, কেন চিন্তিত তার পরিবার?

বিনোদন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

জনপ্রিয় মার্কিন রিয়্যালিটি তারকা কিম কার্দাশিয়ান অসুস্থ। ‘দ্য কার্দাশিয়ানস’র অষ্টম মৌসুমের ট্রেলারে হাসপাতালের বিছানায় দেখা গেছে তাকে। সেখান থেকেই জানা গেছে, ইসোফ্যাগিটিসে আক্রান্ত হয়েছেন কিম। খাদ্যনালীর এই রোগের খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত তার পরিবার।
এর পেছনে অবশ্য রয়েছে একটি পারিবারিক কারণও। কিমের বাবা রবার্ট কার্দাশিয়ান খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ফলে কিমের খাদ্যনালীর রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসায় পুরোনো সেই স্মৃতি ফিরে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে।
‘দ্য কার্দাশিয়ানস’র অষ্টম মৌসুমের ট্রেলারে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কিম। তার পাশে রয়েছেন মা ও ম্যানেজার ক্রিস জেনার। এ সময় ক্যামেরার পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, ‘তোমার বাবাও এই রোগেই মারা গিয়েছিলেন?’
এরপর আবেগাপ্লুত হয়ে ক্রিস জেনার বলেন, ‘আমার কান্না পাচ্ছে।’তবে কিম যে রোগে আক্রান্ত হয়েছেন, সেটি খাদ্যনালীর ক্যানসার নয়। ইসোফ্যাগিটিস মূলত খাদ্যনালীর টিস্যুতে প্রদাহ বা সংক্রমণের কারণে হয়ে থাকে। এ রোগে খাবার কিংবা পানীয় গিলতে সমস্যা হতে পারে। গিলতে গেলে ব্যথা, বুক জ্বালা ও অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যাও দেখা দিতে পারে।
বিভিন্ন কারণে ইসোফ্যাগিটিস হতে পারে। এর অন্যতম কারণ পাকস্থলীর অ্যাসিড বারবার খাদ্যনালীতে উঠে আসা। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের সমস্যা থাকলে খাদ্যনালীর ভেতরের অংশে জ্বালা ও প্রদাহ তৈরি হতে পারে।
এ ছাড়া কিছু ওষুধের কারণেও খাদ্যনালীতে জ্বালা বা ক্ষত তৈরি হতে পারে। আবার ইয়োসিনোফিলিক ইসোফ্যাগিটিস নামের একটি অবস্থার কারণেও খাদ্যনালীতে প্রদাহ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে খাদ্যনালীর সংক্রমণ থেকেও এই রোগ হতে পারে।
এই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলো খাবার বা পানীয় গিলতে সমস্যা হওয়া। গিলতে গেলে ব্যথা, বুক জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স এবং গলা বা খাদ্যনালীতে খাবার আটকে থাকার মতো অনুভূতিও হতে পারে।
কিমের ক্ষেত্রে ঠিক কী কারণে ইসোফ্যাগিটিস হয়েছে এবং তার চিকিৎসা কীভাবে চলছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে ট্রেলারে হাসপাতালের বিছানায় তাকে দেখা যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে কিমের অসুস্থতার সঙ্গে তার বাবার খাদ্যনালীর ক্যানসারের প্রসঙ্গ উঠে এলেও দুটিকে একই রোগ হিসেবে দেখার সুযোগ নেই। ইসোফ্যাগিটিস হলো খাদ্যনালীর প্রদাহ বা সংক্রমণ; আর খাদ্যনালীর ক্যানসারে খাদ্যনালীর কোষে অস্বাভাবিক পরিবর্তনের মাধ্যমে ক্যানসারের কোষ বা টিউমার তৈরি হয়। তাই কিমের ইসোফ্যাগিটিসের খবর মানেই তার ক্যানসার হয়েছে-এমন কোনো তথ্য নেই।