
চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য নির্ধারণে বল আবারও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আইসিসির অনুরোধ সম্পর্কে দিক নির্দেশনা চাইবেন। তার পর প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে বয়কট ইস্যু সমাধানে গতকাল লাহোরে বৈঠক করেছেন আইসিসি ও পিসিবির শীর্ষ কর্মকর্তারা। রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি। ওই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।
ভারতের সিএনএন নিউজ ১৮ আবার জানিয়েছে, ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ার জন্য আইসিসির কাছে কয়েকটি শর্ত দিয়েছে পিসিবি। যার মধ্যে রয়েছে—আইসিসির আয়ের অংশ বাড়ানো, পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ পুনরায় চালু, আইসিসি ইভেন্টে হাইব্রিড পদ্ধতি বহাল রাখা এবং বাংলাদেশের জন্য টুর্নামেন্টে অংশগ্রহণসংক্রান্ত ক্ষতিপূরণ দাবি।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান তাদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছে। বৈঠকে আইসিসি প্রতিনিধি খাজা পাকিস্তানকে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তার মতে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের এই ম্যাচে অংশ নেওয়া উচিত।
এ সময় খাজা কয়েকটি বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থনও জানান এবং দুই বোর্ডের উদ্বেগ আইসিসির পর্যায়ে তুলে ধরে সমাধানের আশ্বাস দেন।
এই প্রতিবেদনেও পাকিস্তানের শর্তের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি। এখন আগামী এক–দুদিনের মধ্যেই পাকিস্তানের শর্ত ও প্রস্তাবের বিষয়ে আইসিসির প্রতিক্রিয়া পিসিবিকে জানানো হবে বলে উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে।