
বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেলো ব্রাজিল। বাম উরুর পেশিতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য রাইটব্যাক ওয়েসলি। তার পরিবর্তে ইতালিয়ান ক্লাব আতালান্তার মিডফিল্ডার এদেরসনকে দলে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, শনিবার ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পাওয়া ম্যাচে চোট পান এএস রোমার ডিফেন্ডার ওয়েসলি। আনচেলত্তির ২৬ সদস্যের দলে তিনিই ছিলেন একমাত্র বিশেষজ্ঞ রাইট ব্যাক।
তার চোটে এখন আগামী শনিবার মরক্কোর বিপক্ষে গ্রুপ সি’র প্রথম ম্যাচের আগে আনচেলত্তিকে সেন্টারব্যাক দানিলো ও ইবানেজের ওপর নির্ভর করতে হবে।
সিবিএফ এক বিবৃতিতে বলেছে, ‘এমআরআই পরীক্ষায় ওয়েসলির বাম উরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে।’
সিবিএফ জানিয়েছে, এদেরসন সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে।