বিশ্বকাপের ফাইনালের টিকিট কিনতে লাগবে ৮ হাজার ডলার!

স্পোর্টস ডেস্ক
  ১২ জুন ২০২৬, ১৫:০০


ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। টুর্নামেন্টের আগের দিনও অনেক ম্যাচের টিকিট পাওয়া গেলেও অধিকাংশ আসনের দাম সাধারণ দর্শকদের নাগালের বাইরে। ফিফার ডায়নামিক প্রাইসিং নীতির কারণে টিকিটের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, আর ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ৮ হাজার ডলারেরও বেশি।
এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের উদ্বোধনের প্রাক্কালে ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের ২৯টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে এখনো ৭৫টি ম্যাচের জন্য সীমিতসংখ্যক টিকিট পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে দুটি সেমিফাইনাল, চারটি কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অব ১৬-এর পাঁচটি ম্যাচ এবং নতুন রাউন্ড অব ৩২-এর ১৬টির মধ্যে ১৪টি ম্যাচ।
ফিফা গত বছর টিকিট বিক্রি শুরু করার পর থেকে কয়েক দফা মূল্য বাড়িয়েছে। সংস্থাটি এবার ডায়নামিক প্রাইসিং পদ্ধতি ব্যবহার করছে, যার ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বেড়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, উত্তর আমেরিকার বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে অনেক ভক্ত টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে সমালোচনা করছেন।
বর্তমানে তুলনামূলক কম দামের ‘ক্যাটাগরি-৩’ টিকিট মাত্র তিনটি ম্যাচের জন্য অবশিষ্ট রয়েছে। যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের উদ্বোধনী ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ছিল ১,১২০ ডলার, যেখানে মাত্র দুটি টিকিট অবশিষ্ট ছিল। একই ম্যাচের অন্যান্য টিকিটের দাম ১,৬৪৫ থেকে ৪,১০৫ ডলার পর্যন্ত পৌঁছেছে।
কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ৯৮০ ডলার। অন্যদিকে ২৬ জুন সিয়াটলে অনুষ্ঠিত মিশর-ইরান ম্যাচে ১৮০ ডলারের কিছু ক্যাটাগরি-৩ টিকিট এখনো পাওয়া যাচ্ছে, যা বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
ফিফা জানিয়েছে, ম্যাচের দিন ঘনিয়ে এলে আরও কিছু টিকিট বাজারে ছাড়া হবে। এছাড়া নকআউট পর্বে কোন দল খেলবে তা নিশ্চিত হওয়ার পর সংরক্ষিত কিছু আসনও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্ম ছাড়াও স্টাবহাব ও সিটগিকের মতো সাইটে টিকিট বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে পুনর্বিক্রয় বাজারে টিকিটের দাম অফিসিয়াল মূল্যের চেয়েও কম দেখা যাচ্ছে।
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য সিটগিকে ৭,৯৮৬ ডলার, স্টাবহাবে ৮,৭৭৫ ডলার এবং ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্মে ৯,০৮৫ ডলার থেকে শুরু হচ্ছে।