
২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারকে যেন ব্রাজিলের রঙে রাঙিয়ে তুলেছেন হাজারো সমর্থক। ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত গ্রুপ ‘সি’ ম্যাচকে সামনে রেখে সবুজ-হলুদ জার্সি পরা সমর্থকদের ঢলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো এলাকায়।
ম্যাচের আগের দিন থেকেই টাইমস স্কয়ারে জড়ো হতে থাকেন ব্রাজিল সমর্থকেরা। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ।
সমর্থকদের ঢাক-ঢোল, গান আর স্লোগানে মুখর হয়ে ওঠে নিউইয়র্কের প্রাণকেন্দ্র। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের স্মৃতি তুলে ধরে নানা গান ও স্লোগান দেন তারা। একই সঙ্গে বিশাল আকৃতির ব্রাজিলের জাতীয় পতাকা মেলে ধরেন সমর্থকেরা, যা পুরো চত্বরকে সবুজ-হলুদের সমুদ্রে পরিণত করে।
এদিকে মরক্কোর সমর্থকেরাও পিছিয়ে ছিলেন না। তারাও জাতীয় পতাকা নিয়ে মাঠের বাইরে নিজেদের উপস্থিতি জানান দেন। দুই দলের সমর্থকদের মধ্যে প্রাণবন্ত খুনসুটি ও স্লোগান বিনিময় হলেও পুরো পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।
তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। পায়ের পেশিতে চোটের কারণে দলের অন্যতম তারকা নেইমারকে প্রথম ম্যাচে পাচ্ছে না সেলেসাওরা। দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড।
অন্যদিকে আফ্রিকা কাপ অব নেশনসের বর্তমান চ্যাম্পিয়ন এবং সাম্প্রতিক বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোও আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। ফলে গ্রুপ পর্বের এই লড়াইয়ে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
মাঠের লড়াই শুরুর আগেই নিউইয়র্কে সমর্থকদের উৎসবমুখর উপস্থিতি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে।