যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের ফি কমল ৮০ শতাংশ

ডেস্ক রিপোর্ট
  ১৪ মার্চ ২০২৬, ১৪:০৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে ত্যাগ করার ফি প্রায় ৮০ শতাংশ কমিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেখানে নাগরিকত্ব ত্যাগ করতে ২ হাজার ৩৫০ ডলার ফি দিতে হতো, এখন তা কমিয়ে ৪৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার প্রকাশিত ফেডারেল রেজিস্টারের চূড়ান্ত নিয়মে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয় এবং একই দিন থেকেই এটি কার্যকর হয়েছে। ২০২৩ সালে ফি কমানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও এতদিন তা বাস্তবায়ন করা হয়নি। নতুন নির্ধারিত ৪৫০ ডলারের ফি ২০১০ সালে যখন প্রথমবার যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ত্যাগের জন্য ফি চালু করেছিল, তখনকার সমপরিমাণ।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সাধারণত জটিল ও সময়সাপেক্ষ। আবেদনকারীকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার কর্মকর্তার কাছে নিশ্চিত করতে হয় যে তিনি এই সিদ্ধান্তের সব আইনি ও ব্যক্তিগত প্রভাব সম্পর্কে অবগত। এরপর আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব ত্যাগের শপথ গ্রহণ করতে হয় এবং বিষয়টি পররাষ্ট্র দপ্তরের পর্যালোচনার মধ্য দিয়ে যায়।
২০১৫ সালে নাগরিকত্ব ত্যাগের ফি ৪৫০ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৩৫০ ডলার করা হয়েছিল। সে সময় প্রশাসনিক ব্যয় মেটানোর যুক্তি দেখানো হয়। পাশাপাশি বিদেশে বসবাসকারী অনেক মার্কিন নাগরিকের ওপর নতুন কর-সংক্রান্ত প্রতিবেদন বাধ্যবাধকতা আরোপের পর নাগরিকত্ব ত্যাগের আগ্রহ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিভিন্ন সংগঠন। এর মধ্যে ফ্রান্সভিত্তিক ‘অ্যাসোসিয়েশন অব অ্যাক্সিডেন্টাল আমেরিকানস’ উল্লেখযোগ্য, যারা মূলত যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার কারণে নাগরিকত্ব পাওয়া কিন্তু বিদেশে বসবাসকারী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে। সংগঠনটি ফি বৃদ্ধির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মামলা করে, যার একটি এখনো বিচারাধীন।
সংগঠনটির প্রেসিডেন্ট ফ্যাবিয়েন লেহাগ্রে এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত নাগরিকত্ব ত্যাগের মৌলিক অধিকারকে সবার জন্য আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। তিনি এটিকে ছয় বছরের ধারাবাহিক আইনি লড়াই ও প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন।
আদালতে সংগঠনটি জানায়, ২০২৩ সালে ফি কমানোর ঘোষণা দেওয়ার পরও অন্তত ৮ হাজার ৭৫৫ জন মার্কিন নাগরিক নাগরিকত্ব ত্যাগ করতে পূর্ণ ২ হাজার ৩৫০ ডলার ফি পরিশোধ করেছেন। তবে মোট কতজন মার্কিন নাগরিক এ পর্যন্ত তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন—সে বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি স্টেট ডিপার্টমেন্ট।