যুক্তরাষ্ট্রের শতবর্ষী ‘জোন্স অ্যাক্ট’ সাময়িক স্থগিত, কী এটি?

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ মার্চ ২০২৬, ২৩:২১

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় যুক্তরাষ্ট্রের বন্দরে জ্বালানি ও কৃষিপণ্য সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস ১০৬ বছর পুরনো জোন্স অ্যাক্ট সাময়িকভাবে শিথিল করার বিষয়টি বিবেচনা করছে। খবর আনাদোলু এজেন্সির।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি তেল ও কৃষিপণ্য আমেরিকার বন্দরে অবাধে পৌঁছানোর জন্য সীমিত সময়ের জন্য জোন্স অ্যাক্টের শর্তসমূহ সাময়িকভাবে শিথিল করার বিষয়টি হোয়াইট হাউস বিবেচনা করছে।’ 
তবে তিনি বলেছেন যে ‘চূড়ান্ত সিদ্ধান্ত সংক্রান্ত নোটিশ এখনও জারি হয়নি’। 
হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, সাময়িকভাবে শিথিল করলে আমেরিকান জাহাজ নির্মাণ শিল্পের ওপর কোনো প্রভাব পড়বে না।
১৯২০ সালের মার্চেন্ট মেরিন অ্যাক্ট-১৯২০ এর ধারা ২৭ হিসেবেই পরিচিত ‘জোন্স অ্যাক্ট’। এই ‘জোন্স অ্যাক্ট’ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে জলপথে পণ্য পরিবহন করতে হলে সেই জাহাজ অবশ্যই যুক্তরাষ্ট্রে নির্মিত, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী এবং মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের মালিকানাধীন ও পরিচালিত হতে হবে।
যদি আইনটি সাময়িকভাবে শিথিল করা হয় তাহলে জ্বালানি ও কৃষিপণ্য সরবরাহে ঘাটতি পূরণে বিদেশি জাহাজও যুক্তরাষ্ট্রের বন্দরে পণ্য পরিবহন করতে পারবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরাইল ও আমেরিকার যৌথ হামলা চালানোর পর, হরমুজ প্রণালির মাধ্যমে শিপিংয়ে বিঘ্ন তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানির এক পঞ্চমাংশ রপ্তানি হয়ে থাকে।